
আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিক্ষার্থীর স্বামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। রোববার বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার একটি ভবনের কক্ষ থেকে শারমিন জাহান খালেদা নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। এদিকে সোমবার ভোরে নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী ফাহিমকে আসামি করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তার স্বামী বাসায় গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে তিনি শারমিন জাহান খালেদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে থানা পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার (তদন্ত ওসি) আজহার হোসেন বলেন, জাবি ছাত্রী নিয়তের ঘটনায় তার স্বামীকে আটক দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠিয়েছে।