চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করেছে অফিসার্স ক্লাব, চুয়াডাঙ্গা। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম অত্যন্ত পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। এ সময় তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
শেষে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসন, সহকর্মী ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। এ জন্য তিনি সবার প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।










