গাবুরায় সুন্দরবন নারী দলের সুপেয় পানি প্লান্টের উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পানি সংকট ও দুর্যোগপ্রবণ এলাকা ৯ নম্বর সোরা গ্রামে “সুন্দরবন নারী দল” পরিচালিত একটি সুপেয় পানি প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে এবং ওয়াটারএইড এর আর্থিক সহযোগিতায় এই পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন নারী দলের সভাপতি শিরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুর আলম। তিনি ফিতা কেটে সুপেয় পানির প্লান্টটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর (ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন) মো. ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক তসলিম আহম্মেদ টংকার, মনিটরিং অফিসার সাদিয়া সুলতানা, গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য জি. এম. মঞ্জুর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, রূপান্তরের ফাইন্যান্স অফিসার দেব নারায়ণ মন্ডল ও প্রকল্প প্রকৌশলী আবু সুফিয়ানসহ সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. ফারুক আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। লবণাক্ততার কারণে এই সংকট দিন দিন আরও বাড়ছে। অনেক স্থাপিত পানি প্রযুক্তি উৎস নষ্ট হওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং রক্ষণাবেক্ষণের জটিলতার কারণে দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। সুন্দরবন নারী দলের এই উদ্যোগ লবণাক্ত পানিকে নিরাপদ পানিতে রূপান্তরের একটি কার্যকর প্রযুক্তি হিসেবে কাজ করবে।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন বলেন, উপকূলীয় পানি সংকটপূর্ণ গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে ওয়াটারএইডের আর্থিক সহযোগিতায় রূপান্তর এই সুপেয় পানির প্লান্ট স্থাপন করেছে, যা এলাকার মানুষের জন্য নিরাপদ পানির একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রধান অতিথি চেয়ারম্যান জি. এম. মাছুদুর আলম বলেন, উপকূলীয় এলাকায় পানি সংকট দীর্ঘদিনের সমস্যা। এই ধরনের উদ্যোগ মানুষের কষ্ট অনেকটা লাঘব করবে। তিনি উপকূলীয় এলাকায় আরও পানি প্রযুক্তি স্থাপনের আহ্বান জানান এবং বলেন, অনেক সময় উপকূলের মানুষকে পানি কিনে খেতে হয়, বিশেষ করে দুর্যোগের সময় সংকট আরও বেড়ে যায়। রূপান্তর উপকূলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031