এম. সনজু আহমেদ : পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ (চাউল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯টায় আলমডাঙ্গা পৌরসভা কার্যালয়সহ পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে এ ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক পান্না আক্তার।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩ হাজার ৯২০ জনের জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও প্রশাসকের কোটা, বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠন ও বিশেষ খাতসহ সর্বমোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
ওয়ার্ডভিত্তিক বরাদ্দ অনুযায়ী ১নং ওয়ার্ডে ৪৫০, ২নং ওয়ার্ডে ৫০০, ৩নং ওয়ার্ডে ৪০০, ৪নং ওয়ার্ডে ৪৫০, ৫নং ওয়ার্ডে ৫০০, ৬নং ওয়ার্ডে ৫০০, ৭নং ওয়ার্ডে ৩৭০, ৮নং ওয়ার্ডে ৩৭০ এবং ৯নং ওয়ার্ডে ৩৮০ জন উপকারভোগীর জন্য চাল বরাদ্দ দেওয়া হয়।
এছাড়াও প্রশাসকের বিশেষ কোটায় ৭০৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা দপ্তর, প্রকৌশলী কার্যালয়, যুব উন্নয়ন, শিক্ষা অফিস, সাংবাদিক, পুলিশ প্রশাসন, বণিক সমিতি, নাগরিক কমিটি এবং অন্যান্য খাত মিলিয়ে অতিরিক্ত সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা ও সঠিক বণ্টন নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।
এ সময় আলমডাঙ্গা পৌরসভার প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










