এম. সনজু আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। গত প্রায় পাঁচ মাসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করে তিনি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি আলমডাঙ্গা পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। নির্বাচিত মেয়র না থাকায় পৌরসভার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব তার কাঁধেই রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় আলমডাঙ্গা ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছেন তিনি।
এর পাশাপাশি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান না থাকায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন ইউএনও পান্না আক্তার। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকির অংশ হিসেবে তিনি প্রায় ১৭টি সরকারি দপ্তরের দপ্তর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্যেও তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন সরকারি কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় নিয়মিত পরিদর্শন করছেন তিনি। কখনো পায়ে হেঁটে, আবার কখনো সরকারি গাড়িতে করে বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
এদিকে আলমডাঙ্গা পৌর পশুহাট ও বিভিন্ন বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা কার্যক্রম পরিচালনা করে পৌরসভার রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রশাসন। সংশ্লিষ্টরা জানান, এ পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ রাজস্ব আদায় সম্ভব হয়েছে, যা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
স্থানীয় একাধিক রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, ইউএনও পান্না আক্তার একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক প্রশাসক। তার আচরণ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করা সত্যিই বিস্ময়কর।
তারা আরও বলেন, তার নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং সাধারণ মানুষ প্রশাসনের ইতিবাচক পরিবর্তন প্রত্যক্ষ করছে।
প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যেই আলমডাঙ্গাবাসীর কাছে একজন কর্মঠ, দায়িত্বশীল ও জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন ইউএনও পান্না আক্তার।










