চুয়াডাঙ্গার দামুড়হুদায় তামাক ক্ষেত থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের একটি তামাক ক্ষেত থেকে জাবেদা খাতুন (৪৫) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাতের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত জাবেদা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মাঠে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন জাবেদা খাতুন। কিন্তু ইফতারের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, মরদেহটির হাত-পা বাঁধা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ তামাক ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে দামুড়হুদা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে রহস্যজনক এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031