
নাটোরে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ৬টি মসজিদে মোট ৬ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (জুমার দিন) নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া জামে মসজিদসহ পৌর এলাকার আরও পাঁচটি মসজিদে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, মোস্তাক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সাবেক মেয়র থাকাকালীন সময়ে শেখ এমদাদুল হক আল মামুন নাটোর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। তিনি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
অনুদান বিতরণকালে তিনি জানান, নাটোর পৌরসভার মোট প্রায় ১২০টি মসজিদে পর্যায়ক্রমে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে পৌর এলাকার প্রায় ৭০ থেকে ৮০টি মসজিদে তিনি ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন।
তিনি আরও জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনেও জনগণের সমর্থন নিয়ে পৌরবাসীর সেবা করতে চান।