জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা। তিনি বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদল নেতা মো. শামীম হোসেন মন্ডল এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুবদল নেতা হারুনুর রশিদ সজল, শ্রমিক নেতা মো. ফজলুর রহমানসহ বিএনপি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও শ্রমিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।










