জয়পুরহাটে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত ফরিদ জামান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলে
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত শিক্ষক ফরিদ জামান গত প্রায় ছয় মাস ধরে ভয়ভীতি প্রদর্শন করে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত মাসের ২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা শিশুটিকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার রক্তপাত হয়।
পরে ওইদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে খাবার দিতে মাদ্রাসায় গেলে শিশুটি ঘটনাটি মাকে জানায়। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক ফরিদ জামানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মেহেদী আলম জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃত আসামি ফরিদ জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।










