যশোরে কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর জীবিত উদ্ধার

যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৫) কে জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৬। নিখোঁজ হওয়ার ৯ দিন পর বুধবার দিবাগত গভীর রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।র‍্যাব সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে যশোর র‍্যাব ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।জানা গেছে, গত ২ মার্চ রাতে অপহরণের ঘটনাটি ঘটে। যশোর শহরের শংকরপুর এলাকায় জাহাঙ্গীর আলমের ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো ওইদিন রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।অপহরণের পর রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীরের মোবাইল ফোন ব্যবহার করে তার মা ও স্ত্রীর কাছে কল করে। তাকে জীবিত ফেরত পেতে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানাতে হুমকি দেওয়া হয়।এদিকে অপহরণের পর দীর্ঘ সময়েও তার সন্ধান না পেয়ে গত ৪ মার্চ বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। এসময় তিনি আবেগঘন বক্তব্যে বলেন, তার স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তিন মেয়েকে নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি স্বামীকে জীবিত ফিরে পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।সংবাদ সম্মেলনের পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে চৌগাছা উপজেলার খলশি গ্রামের একটি নির্জন ইটভাটায় অভিযান চালিয়ে হাত-পা বাঁধা ও বিধ্বস্ত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031