
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের কুশদহ হিলির ডাঙ্গা ও ছড়ান সড়কে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ব্রিজটি নবাবগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দুই উপজেলার হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা হলেও বর্তমানে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সরেজমিনে দেখা যায়, ব্রিজটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ও ভাঙনের চিহ্ন স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের মাঝখানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। প্রতিদিন ভারী যানবাহন চলাচলের কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।বিকল্প কোনো সড়ক না থাকায় নবাবগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার হাজারো মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছেন। এলাকাবাসীর আশঙ্কা, সামান্য অসাবধানতা বা অতিরিক্ত চাপের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয় বাসিন্দারা বলেন, “দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা হলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।”এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। মানুষের জীবনের নিরাপত্তা বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।