
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার ১০ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
বেলা ১১.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে জ্বালানি তেল, চিনি, ছোলা, ফলের দোকান, ভোজ্যতেল, চাউল, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স জীবন স্টোর নামক প্রতিষ্ঠানকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে না রাখা, অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা, পণ্যের মোড়কীকরণ আইন বহির্ভূত পণ্য বিক্রয় করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মাম্পি ভান্ডারকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ করা, বিক্রয় ভাউচার সঠিকভাবে প্রদান না করা, জ্বালানি তেলের দাম নির্ধারিত মূল্য থেকে বেশি নেয়া ইত্যাদি অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া এই রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের মূল্যবৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই), মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।