
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে নুসাইবা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার ৪ নম্বর বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসাইবা ওই গ্রামের কামরুল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় হঠাৎ সাপ কামড় দেয় নুসাইবাকে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেলের দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নুসাইবার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যার দিকে নিথর মেয়েকে কোলে নিয়ে বাড়িতে ফেরার সময় বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজন ও প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় অনুপনগর গ্রামে শোকের মাতম চলছে। তিন বছরের নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।