চুয়াডাঙ্গা জেলার ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি এর উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) সোমবার বিকাল সাড়ে চারটায় যুব উন্নয়ন অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ শাহ জামাল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইডিইবি চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক কমিটির এলডিইবি মোহাম্মদ রফিকুল ইসলাম বিশ্বাস।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা আজ প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। আমরা আমাদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক ন্যায্য দাবিই আজও আমরা পাইনি, আর অনেক সময় মনে হয় হয়তো কোনোদিন পাবোও না যদি আমরা নিজেরা সচেতন ও ঐক্যবদ্ধ না হই।
আমাদের চুয়াডাঙ্গা জেলার আইডিইবি’র সাবেক সভাপতি শ্রদ্ধেয় মির্জা হোসেন জর্দার স্যার একবার দায়িত্ব হস্তান্তরের সময় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তোমরা কাদের নিয়ে আইডিইবি’র দায়িত্ব পালন করবে? এদেরকে ডাকলেও আসে না। অফিসে বসে আমার মাছি তাড়াতে হয়।
এই কথার মধ্যে আমাদের জন্য একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা যদি নিজেদের অবস্থান থেকে এগিয়ে না আসি, তাহলে সংগঠন শক্তিশালী হবে না এবং আমাদের দায়িত্বও সঠিকভাবে পালন করা সম্ভব হবে না।
আপনারা মনে রাখবেন, প্রত্যেক কোণায় কোণায়, প্রত্যেক সেক্টরে আমাদের প্রতিদ্বন্দ্বী ও বাধা রয়েছে। আবার আমাদের মাঝেই এমন কিছু প্রকৌশলী ভাই আছেন, যারা আমাদের থেকে এক ধাপ এগিয়ে গেলেই আমাদেরকে আর চিনতে চান না। অনেক ডিপার্টমেন্টে এমনও দেখা যায়, যখন আমরা তাদের কাছে যাই, তখন তারা যেন কাঠের চশমা পরে আমাদের দিকে তাকায়।
আপনারা কি কখনো শুনেছেন কাউকে খাবার দেওয়ার পর তার হাত থেকে সেই খাবারের থালা কেড়ে নেওয়া হয়? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ডিপ্লোমা প্রকৌশলীদের ক্ষেত্রে প্রায়ই এমনটাই ঘটে।
তাই আমি সকল প্রকৌশলী ভাইদের কাছে একটি অনুরোধ রাখতে চাই আপনারা সবাই সংগঠিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। কারণ আমরা যদি একসাথে থাকি, তাহলে আমাদের অধিকার আদায় করা সম্ভব হবে। সংগঠনই আমাদের শক্তি, ঐক্যই আমাদের ভবিষ্যৎ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, পেশাগত উন্নয়ন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আইডিইবি’র সংগ্রাম আহ্বায়ক, মোহাম্মদ আবদুল আজিজ। চুয়াডাঙ্গা জেলা শাখার আইডিইবি’র প্রকৌশলী, মোহাম্মদ শফিউল্লাহ। এছাড়াও আরো ওনাকে উপস্থিত ছিলেন।










