
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করতে এসে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
রোববার ৮ মার্চ ভোর প্রায় ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী ওই এলাকায় আসে। তারা এক অটোরিকশা চালককে লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দুই ছিনতাইকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেও একজনকে স্থানীয়রা ধরে ফেলে।পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।