দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)।শনিবার দিবাগত রাতে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।আটককৃত রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।শনিবার বিকেলে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিগুলো সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










