
খুলনার পাইকগাছা উপজেলা-কে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পাইকগাছা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ। স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার।
স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার দিপল বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল, এএসআই শাহনাজ আক্তার, ডিএসকে রিজিওনাল ম্যানেজার মো. আবুল হাসান সিদ্দিকী, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, নবলোক পিও কাজী ফারহানা আফরোজ, ইসলামিক ফাউন্ডেশনের এমসি শেখ শওকত হোসেন ও ম্যানেজার সঞ্জয় বড়াইসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ধর্মীয় প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। শিশুদের নিরাপদ, সুস্থ ও শিক্ষাভিত্তিক ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার ঘোষিত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।
সভায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পাইকগাছা উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অংশীদারিত্ব এবং একটি কার্যকর রোডম্যাপ উপস্থাপন করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পাইকগাছাকে একটি নিরাপদ ও শিশুবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।