চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (০১ মার্চ) সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এ অভিযানটি ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) গ্রামে পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতার করা হয় মোঃ মতিউর রহমান (৩০)। তার পিতা মোঃ মজিবুর রহমান এবং মাতা মোসাঃ টগরী বেগম। তিনি ভোলাহাট উপজেলার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় আসামির কাছ থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপক একটি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।










