
শ্রীপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা ‘ইসমাইল মোড়’ এলাকায়।
জানা যায়, আজ সন্ধ্যায় শ্রীপুর থানা এবং টাঙ্গাইল সদর থানা-এর পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দুই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশের অতিরিক্ত একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। কিছু সময়ের মধ্যেই পালিয়ে যাওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।