বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি-র যৌথ উদ্যোগে উপজেলার ০৫নং সোনাইছড়ি ইউনিয়নের ০৩নং লামার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়ুং মার্মা (৪০) নামে এক নারীর বসতঘর তল্লাশি করে আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানের প্রশংসা করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে আরও জোরদার নজরদারির দাবি জানিয়েছেন।










