চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাম্পার ফলন নিশ্চিত করতে যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে নিয়মিত মনিটরিং ও কারিগরি সহায়তা।
রোববার উপজেলার রোহিতা, খেদাপাড়া ও ঝাপা ইউনিয়নের বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। এ সময় তিনি সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি রোধে কঠোর হুঁশিয়ারি দেন এবং জানান, সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃত্রিম সংকট বা বাড়তি দাম আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাঠ পর্যায়ে উপপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। তারা সরাসরি জমিতে নেমে চারা রোপণ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের পরামর্শ দেন।
রোহিতা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, “এখন কৃষি অফিসাররা নিজেরাই দোকানে গিয়ে দাম দেখছেন, আমাদের মাঠে এসে পরামর্শ দিচ্ছেন। এতে আমরা নিশ্চিন্তে চাষ করতে পারছি।”
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মনিরামপুর উপজেলায় প্রায় ২৭ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং তদারকি অব্যাহত থাকলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।










