
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে হামলার ঘটনায় জামায়াত কর্মী ও বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী হাফিজুর রহমান নিহত হওয়ার অভিযোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ২টার দিকে জীবননগর উপজেলা শহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা। দলটির নেতাকর্মীরা দাবি করেন, হাসাদহ বাজার এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে তাদের কর্মী হাফিজুর রহমানের ওপর হামলা চালানো হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, এ হামলার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কিছু নেতাকর্মী জড়িত। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহত হাফিজুর রহমানকে “শহীদ” হিসেবে উল্লেখ করেন। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের সহিংস ঘটনা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।