বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, চলমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে গেলে তা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
তিনি পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা মুসলিম বিশ্বসহ বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।
ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন।
পোস্টের শেষাংশে তিনি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এদিকে তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।










