
কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক সকালের কক্সবাজার-এ প্রকাশিত একটি প্রতিবেদনে সমুদ্রসৈকতে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি বিরোধী অভিযানে টুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার রিজিয়নের প্রধান এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সমুদ্রসৈকতে অবৈধ দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে দোকান স্থাপনের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ ধারাবাহিক ও কঠোর অভিযান পরিচালনা করছে। এই অভিযানে ক্ষতিগ্রস্ত একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অনৈতিক আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, অভিযোগের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করা হোক; অন্যথায় বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকা উচিত।তিনি আরও জানান, সৈকত এলাকায় স্পা, কটেজসহ বিভিন্ন অবৈধ স্থাপনার বিরুদ্ধে একাধিকবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মতে, উক্ত প্রতিবেদন চলমান আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং গোষ্ঠীগত স্বার্থ হাসিলের প্রয়াস।এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ স্পষ্ট ভাষায় বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় টুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। কোনো অপপ্রচার বা চাপ আমাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারবে না।