ময়মনসিংহ জেলায় পৃথক চারটি অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ, ৩০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে মোট আনুমানিক ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।অভিযান-১: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা ১০ মিনিটে এসআই (নিঃ) মো. মুকিত হাসান সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর উপজেলার ময়লাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় চোলাই মদ (আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা) উদ্ধার করেন। এসময় জয় চৌহান (৩০) ও মো. দুলাল (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযান-২: একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) বিপুল কুমার সাহা গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) উদ্ধার করেন। এ ঘটনায় মো. রানা মিয়া ওরফে ঝন্টু (৩৫) কে গ্রেফতার করা হয়। অভিযান-৩: রাত ৯টায় ত্রিশাল উপজেলার ধানীখোলা মাইজপাড়া এলাকায় এসআই (নিঃ) রাজীব তালুকদার ৫০০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা) উদ্ধারসহ মো. সিফাত মৃধা (২২) কে গ্রেফতার করেন।অভিযান-৪: রাত ১০টা ৪৫ মিনিটে মুক্তাগাছা পৌর শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসআই (নিঃ) মো. তোয়াবুল ইসলাম খান অভিযান চালিয়ে আরও ৫০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা) উদ্ধার করেন। এ সময় মো. আসাদুজ্জামান (৪৫) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে গৌরীপুর, ত্রিশাল ও মুক্তাগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ডিবি পুলিশের এ সফল অভিযানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।










