পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার প্রধান বাজার পরিদর্শন করেছেন। একইসঙ্গে তিনি পৌরসভায় মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার প্রধান বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং পাইকগাছা থানা’র অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।
বাজার পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান। তিনি ভেজালমুক্ত ও মানসম্মত খাদ্যপণ্য বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে।
পরবর্তীতে তিনি পৌরসভা প্রাঙ্গণে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্য আরও জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের স্বস্তি ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।










