প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
যশোরের মণিরামপুরে আট পা-ওয়ালা ছাগলছানা: বিরল জন্মে এলাকায় চাঞ্চল্য

মণিরামপুর উপজেলায় এক বিরল ঘটনায় আটটি পা নিয়ে একটি ছাগলছানার জন্ম হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়তেই এক নজর দেখতে পশু হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে। পশু হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে একটি ছাগলকে তার মালিক হাসপাতালে নিয়ে আসেন। ছাগলটির শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার (সিজারিয়ান) করার সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়। পরে দেখা যায়, স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে ছাগলছানাটির শরীরে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, অস্ত্রোপচারের পর মা ছাগলটি বর্তমানে সুস্থ রয়েছে। নবজাতক ছাগলছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, এটি একটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটি। ভ্রূণ গঠনের সময় জটিলতার কারণে এ ধরনের অতিরিক্ত অঙ্গের সৃষ্টি হতে পারে। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও চিকিৎসা বিজ্ঞানে এর নজির রয়েছে। এই অস্বাভাবিক ও বিরল দৃশ্য দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ হাসপাতালে ভিড় করছেন। অনেক প্রত্যক্ষদর্শী একে প্রকৃতির বিস্ময়কর নিদর্শন কিংবা মহান আল্লাহর সৃষ্টির ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। বাড়তি জনসমাগম সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, ছাগলছানাটির জীবন রক্ষায় সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com