বাংলাদেশে নতুন বিনিয়োগ সম্ভাবনা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ এবং বিভিন্ন মেগা প্রকল্পে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, যা বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কর্মরত রয়েছেন। উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা।বৈঠকে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য International Alliance Combating Telecom and Cyber Fraud জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। এ সংক্রান্ত প্রস্তাব যথাযথ চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রদূত জানান।এছাড়া, দুই দেশের মধ্যে Plan of Action on Law Enforcement Training Cooperation সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ায় তা পুনরায় পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সুবিধাজনক সময়ে চীন সফরের আগ্রহের কথাও তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।
বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চীন সরকারের জননিরাপত্তা মন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031