বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর কোলে সন্তান: ধর্ষক কিবরিয়ার গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজপথ

নেত্রকোনার বারহাট্টায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে ধর্ষকের ফাঁসির দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তার করা না হলে উপজেলার ৭টি ইউনিয়নের মানুষ রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলনে নামবে।মানববন্ধনে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। কিশোরীর বাবা আক্ষেপ করে বলেন, “গত বৈশাখ মাসে মামলা করেছি। পুলিশ আসামি না ধরে উল্টো আমাকেই খুঁজে দিতে বলে। মামলার খরচ জোগাতে গিয়ে উপার্জনের একমাত্র সম্বল দেড় লাখ টাকার গাড়িটি বিক্রি করে দিয়ে আজ আমি নিঃস্ব।” কিশোরীর মা জানান, দীর্ঘ ছয় মাস ধরে বিচারের আশায় তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।মানববন্ধনে বক্তারা বলেন, সিংধা ইউনিয়নের কিবরিয়ার এই জঘন্য অপরাধ পুরো সমাজের বিবেকের ওপর আঘাত। বারহাট্টা থানা পুলিশ ও প্রশাসনের রহস্যজনক নীরবতার সমালোচনা করে কমিউনিটি ফোরামের নেতৃবৃন্দ বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আসামির বাড়ি ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।বাংলাদেশ নারী প্রগতি সংস্থার (বিএনপিএস) উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দসহ আরও অনেকে।বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার ও ভুক্তভোগী পরিবারটির রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। তারা উল্লেখ করেন, এমপি আনোয়ারুল হক ইতোমধ্যে পরিবারটিকে কিছু ব্যক্তিগত সহায়তা দিলেও স্থায়ী সমাধান ও নিরাপত্তার জন্য কঠোর আইনি পদক্ষেপ জরুরি। মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031