আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলমডাঙ্গায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পৌর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা উপজেলার বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন এবং উপজেলার টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক আরাফাত রহমান, সদস্য সচিব আতিকুজ্জামান মিরাজ, মুখ্য সংগঠক পারভেজ আলী, যুগ্ম সদস্য সচিব জাহিদুজ্জামান জিসান, সহকারী মুখপাত্র সাদিয়া আক্তার, শান্তা রহমান, মুখ্য সংগঠক মামুনুর রাশীদ মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্পন্ন হয়।










