চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়, বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার গুণগত মান বৃদ্ধি নিয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (তারিখ উল্লেখযোগ্য) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ, সেবাদান প্রক্রিয়া আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই সংসদ সদস্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এদিকে, স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, সভা চলাকালে শত শত রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তিতে পড়েন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, “স্বল্প সময়ের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ও হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান ছিল। রোগীদের চিকিৎসা প্রদানে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।” চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “সাড়ে বারোটার পর অল্প সময়ের জন্য মতবিনিময় সভা হয়েছে। আমরা সভাকক্ষে প্রবেশের সময় এবং বের হওয়ার সময়ও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলমান ছিল। জেলার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। বিভ্রান্তিকর তথ্য প্রচার করে এ উদ্যোগকে বাধাগ্রস্ত করা উচিত নয়।” সংশ্লিষ্টরা জানান, জেলার স্বাস্থ্যসেবা আরও কার্যকর, সমন্বিত ও জনবান্ধব করতে এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031