পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি আবু বকর

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার সংসদীয় কার্যক্রম শুরু করেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে ঝিনাইদহ-২ আসনের হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে তিনি রাজপথ থেকে সরাসরি জনসেবায় আত্মনিয়োগ করেন।হাসপাতালটির পরিদর্শন ও মতবিনিময়কালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন তিঁনি। শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসাইনের সাথে মতবিনিময় করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বৈঠকে বসেন তিনি। এ সময় তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।মতবিনিময় শেষে সংসদ সদস্য নিজে ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের সম্মুখভাগ পরিষ্কার করার কাজে যোগ দেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা যথেষ্ট নয়, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরও মনের দিক থেকে পরিষ্কার হতে হবে। জনগণকে সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের বিদ্যমান সংকটগুলো দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা হবে বলেও জানান এই সংসদ সদস্য। ”তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পৌরসভার বিভিন্ন মোড়, বাস স্ট্যান্ড বা ইজিবাইক স্ট্যান্ডে যারা দরিদ্র শ্রমজীবী মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় (চাঁদাবাজি) করছেন, তারা এখনই সতর্ক হয়ে যান। যদি কেউ এই পথ থেকে ফিরে না আসে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”পরিচ্ছন্নতা অভিযান শেষে এমপি আবু বকর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালন শাহ সরকারি কলেজ পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সালাম আদান-প্রদান করেন।এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার এবং পৌর আমির শফিউদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031