
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক রবিবার ও বৃহস্পতিবার পানের হাট ও কাঁচা বাজার বসার দিনে পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করে। অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং, অতিরিক্ত পাখিভ্যান, অটোরিকশা ও ভ্যানগাড়ির কারণে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।বাজারের আশপাশে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইন্টার গার্ডেন স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াতের সময় রাস্তায় তীব্র চাপ তৈরি হয়। ফলে অনেক শিক্ষার্থী সময়মতো স্কুলে পৌঁছাতে পারে না, যা নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তা সরু হওয়ার পাশাপাশি বাজারের ভেতর দিয়েই পণ্যবাহী ও যাত্রীবাহী সব ধরনের যান চলাচল করায় যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। হাটের দিনে রাস্তার পাশে অস্থায়ী দোকান ও স্টল বসায় চলাচলের জায়গা আরও কমে যায়।স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “সকালে বাচ্চাদের স্কুলে নিতে খুব কষ্ট হয়। অল্প দূরত্ব যেতে অনেক সময় লাগে।” ব্যবসায়ীরাও জানান, নিয়মিত নজরদারি ও সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় সমস্যাটি দিন দিন বাড়ছে।এলাকাবাসীর দাবি, অবৈধ পার্কিং বন্ধ, বিকল্প পার্কিং ব্যবস্থা চালু এবং যানবাহন চলাচলে নির্দিষ্ট নিয়ম চালু করা হলে এই দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান সম্ভব হবে। পাশাপাশি প্রশাসনের নিয়মিত মনিটরিং থাকলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে বলে তারা মনে করেন।