
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাব।শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবসের প্রথম প্রহরে পূর্বধলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম'র নেতৃত্বে অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এ সময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার অধিকার আদায়ে শহীদদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দিতে সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকরা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।