
পাইকগাছা উপজেলায় আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌর সভাপতি আসলাম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার আত্মপরিচয়ের দৃঢ় ভিত্তি রচনা করে। একুশে ফেব্রুয়ারির গৌরবোজ্জ্বল ইতিহাস জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ করেছে। মহান শহীদ দিবস কেবল শোকের দিন নয়—এটি চেতনা, গৌরব ও আত্মমর্যাদা পুনর্জাগরণের দিন।
সভায় দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জোহরবাদ মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরি আয়োজন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।