ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক–বাস মুখোমুখি সংঘর্ষে সার্জেন্টসহ নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি মালবাহী ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর এক সার্জেন্টকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031