দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাটোর-১ এর এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাঁর দায়িত্বপ্রাপ্তির খবরে নাটোর জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি বিজয় অর্জন করেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠা পুতুল প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-এর কন্যা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন। দীর্ঘ দেড় যুগ পর তাঁর কন্যার বিজয়ের মধ্য দিয়ে সেই রাজনৈতিক ধারাবাহিকতার পুনরাবৃত্তি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি এবং নারী, শিশু ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় লালপুর, বাগাতিপাড়া ও আশপাশের এলাকায় নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আশা—জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদার করবেন।এ বিষয়ে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন বলেন, “আমাদের এলাকার মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি শুধু একটি রাজনৈতিক পদ নয়, পুরো নাটোরবাসীর জন্য গর্বের বিষয়।” তিনি নতুন মন্ত্রীকে শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, তাঁর মাধ্যমে নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28