শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. লুৎফর রহমান। ভোট গণনা শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীকে বড় ব্যবধানে পরাজিত করেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে িউপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া মো. লুৎফর রহমান পেয়েছেন ১,০৪,২৪৩ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬১,৯০০ ভোট। ফলে ৪২,৩৪৩ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।ভোটগ্রহণের দিন সকাল থেকেই কালিহাতী উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।










