
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে নির্বাচনী মাঠ এখন সরগরম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। শেষ সময়ে ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনের গণসংযোগে দেখা যাচ্ছে ব্যাপক জনসমাগম ও উৎসাহ।গণসংযোগকালে তিনি বলেন,“এবারের নির্বাচন হবে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন হবে চাঁদাবাজ, সন্ত্রাসী, অবৈধ বালুখোর, ভূমিদস্যু ও মাদক সম্রাটদের বিরুদ্ধে। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাং, মাদকাসক্ত তরুণ সমাজ এবং নারী হেনস্থাকারীদের বিপরীতে একটি সোনালি সমাজ ব্যবস্থা বিনির্মাণের নির্বাচন এটি।”তিনি আরও বলেন, মানিকগঞ্জ ১ আসন কে, কেমন দেখতে চান—সেই সিদ্ধান্ত এবার জনগণের হাতে। এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে তিনি ভোটারদের আগামী ১২ তারিখ সারাদিন ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় মানিকগঞ্জ-১ আসনের প্রতিটি এলাকায় চলছে টানা প্রচার-প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা লিফলেট বিতরণ, পথসভা, নির্বাচনী সভা, উঠান বৈঠক ও সরাসরি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো শুনছেন এবং সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।মানিকগঞ্জ-১ আসনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোরালো প্রচারণা চালাচ্ছেন। এতে দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।হাট-বাজার, গ্রামগঞ্জ ও চরাঞ্চলেও নির্বাচন নিয়ে আলোচনা এখন মুখে মুখে।ট্রাক মার্কার প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম ও চরাঞ্চলে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরছেন।গণসংযোগকালে তিনি জানান, নির্বাচিত হয়ে সংসদে গেলে মানিকগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ জনপদ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।এদিকে শেষ সময়ের প্রচারণায় এলাকাবাসীর অংশগ্রহণ ও সাড়া দেখে আশাবাদী ট্রাক প্রতীকের সমর্থকরা। তাদের মতে, ন্যায়, সততা ও উন্নয়নের পক্ষে ভোট দিয়ে মানিকগঞ্জ-১ আসনের মানুষ এবার একটি নতুন বার্তা দিতে প্রস্তুত।