এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণতন্ত্রের প্রধান সৌন্দর্য ও আকর্ষণ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একটি স্বৈরাচারী সরকার মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।তিনি বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে জনগণ আবারও ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে কিনা, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগোবে কিনা—সবকিছুই নির্ভর করছে এই নির্বাচনের ওপর।ড. রিপন আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি কোনো উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ মারাত্মক সংকটে পড়তে পারে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক অবনতির মাধ্যমে দেশটি গাজা বা হামাস-নিয়ন্ত্রিত এলাকার মতো পরিস্থিতির শিকার হতে পারে। এ কারণে স্বৈরাচার ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়বে। সকল ধর্ম ও মতের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষ প্রতীকে ভোট এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতসহ সর্বক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সাধন করবো। কোনো নেতাকর্মীর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না—সবাই নিরাপদে বসবাস করবে।উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28