​কুলাউড়াকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ার অঙ্গীকার নিয়ে শওকতুল ইসলাম শকুর ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ইশতেহার ঘোষণাকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুসহ দলীয় নেতৃবৃন্দ।লিখিত ইশতেহারে শওকতুল ইসলাম শকু বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। জনগণের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর রাজনীতির অঙ্গীকার। ইশতেহারে স্মার্ট নগর গঠন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ এবং সন্ত্রাস-মাদক ও অপরাজনীতি বিরোধী আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়।তিনি জানান, শহরের যানজট নিরসনে জালালাবাদ গ্যাসফিল্ড থেকে বিহালা পর্যন্ত বাইপাস ও বিকল্প সংযোগ সড়ক নির্মাণ, রবিরবাজারসহ বিভিন্ন বাজার যানজটমুক্ত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা, সিএনজি ও অটোরিকশার শৃঙ্খলাভিত্তিক নিয়ন্ত্রণ এবং বাসস্ট্যান্ড ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পৌরসভাসহ বাজার এলাকায় স্মার্ট ড্রেনেজ, স্ট্রিটলাইট স্থাপন ও হকার পুনর্বাসনের মাধ্যমে পথচারীবান্ধব রাস্তা গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিতকরণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং হাসপাতালের আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন তিনি।শিক্ষা ক্ষেত্রে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ভবন, ডিজিটাল শিক্ষা উপকরণ, খেলার মাঠ ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কুলাউড়ায় পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন শকু। যুব ও ক্রীড়াক্ষেত্রে আধুনিক স্টেডিয়াম ও যুব উন্নয়ন কেন্দ্র স্থাপন, খেলার মাঠ সংস্কার, ক্লাব সংগঠন শক্তিশালীকরণ এবং মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। কৃষিখাতে পরিবেশবান্ধব কৃষিযন্ত্র, সেচব্যবস্থা, ফসল রক্ষা ও বাজারজাতকরণে কৃষক কার্ড চালুর কথা বলা হয়েছে। মনু নদীর ভাঙনরোধ, খাল খনন, সুপেয় পানি নিশ্চিতকরণ, রাজাপুর সেতুর সংযোগ সড়কসহ বিভিন্ন ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও ইশতেহারে স্থান পায়।তিনি আরও বলেন, কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গন পুনরুজ্জীবিত করা হবে, সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিকদের ভূমি অধিকার, মজুরি বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। পর্যটন খাতে হাকালুকি হাওরসহ কুলাউড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন শিল্পে রূপান্তর, সরকারি-বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করে সন্ত্রাস ও মাদকমুক্ত কুলাউড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্বের সাথে ইশতেহারে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28