নোবিপ্রবিতে সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নেবিপ্রবি) সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদের দায়িত্ব হলো সর্বাগ্রে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা। তারই অংশ হিসেবে নোবিপ্রবি ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া চালু করা হলো। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের পরিবেশ তৈরি করা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের যেনো ক্যাম্পাসের অভ্যন্তরে স্বাস্থ্যসম্মত খাবারের সংকট পোহাতে না হয় সে জন্য বড় পরিসরে এ ক্যাফেটেরিয়া চালু করা হলো। এ সময় তিনি আরও বলেন, আমরা একনেকে অনুমোদিত ৩৩৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুতই এগিয়ে নিচ্ছি। ছাত্র-ছাত্রীদের জন্য দুটি হল নির্মাণসহ নতুন আরও একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ খবর