হরিণাকুন্ডুতে জামায়াতের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্থানীয় রাজনীতিতে এক বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর আদর্শিক পথ ছেড়ে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন দলটির অর্ধশত নেতাকর্মী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই দলবদল করেন।তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের তাহেরহুদা ওয়ার্ডের গ ইউনিট এর সভাপতি মাসুদ হোসেনের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের ৫০ জন নেতাকর্মী এদিন বিএনপির পতাকাতলে শামিল হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম. এ. মজিদ।যোগদান অনুষ্ঠানে অ্যাডভোকেট এম. এ. মজিদ বলেন, “দেশের এই সংকটকালে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হতে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমি সাধুবাদ জানাই। বিএনপির আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা আজ আকাশচুম্বী। আপনাদের এই অন্তর্ভুক্তি তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।”দলত্যাগী জামায়াত নেতা মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, “জামায়াতের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড ও কৌশলে আমরা সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির আদর্শ ও গণমুখী কার্যক্রম আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। একারণেই আমরা অ্যাডভোকেট এম. এ. মজিদ সাহেবের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা রাজপথে বিএনপির সঙ্গেই থাকব।”অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরিণাকুণ্ডুতে জামায়াতের তৃণমূল পর্যায়ের এই বড় দলবদল আগামীতে ওই অঞ্চলের রাজনৈতিক সমীকরণে বিএনপির পাল্লাকে অনেক বেশি ভারী করবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031