
চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পাখিভ্যান উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. ওবায়দুল্লাহ আল মামুন হাপানিয়া পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন হাপানিয়া দক্ষিণপাড়া গ্রামের জনৈক হাসান আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা, ২০ হাজার টাকা নগদ অর্থ এবং একটি পাখিভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
রুইতনপুর গ্রামের মৃত রাবেয়া খাতুনের কন্যা মোছা. হাসি খাতুন (২৭), স্বামী মো. মতিয়ার রহমান মতি এবং একই গ্রামের মো. মসলেমের পুত্র মো. এনামুল হক (৪০)। উভয়ের বাড়ি আলমডাঙ্গা থানাধীন রুইতনপুর গ্রামে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং পাখিভ্যানটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।