
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও নিরাপদ করতে পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি (CCTV) ক্যামেরা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গড়ইখালী ইউনিয়নের আওতাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেসব কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, কভারেজ এলাকা ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।