
সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরাতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, মাগুরার কর্মচারিবৃন্দ। রবিবার ১ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচির আয়োজন করেন জেলা প্রশাসন, মাগুরার কর্মচারিবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে অবিলম্বে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে।তারা আরও দাবি জানান, ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, পেনশন প্রবর্তন এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণ করতে হবে। বক্তারা বলেন, পে-কমিশন যে প্রস্তাব সরকারে প্রেরণ করেছে, তা নির্বাচন পূর্বেই গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কর্মচারিবৃন্দ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সাকির আহমেদ, অমৃত কুমার বিশ্বাস, মোঃ শফিকুল ইসলাম, যুধিষ্ঠির বিশ্বাস, মোঃ মাসুম রেজা ও মোঃ নবীর হোসেন।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৯ম পে-স্কেলের গেজেট জারি না হলে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।