
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি দায়িত্ব পালনকালে নিজের স্বার্থে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছেন।ভুক্তভোগীদের অভিযোগ, ডা. মাসুদ রানা তার নিজস্ব বেসরকারি প্রতিষ্ঠান “শাহজাদপুর হেলথ সার্ভিস ডায়াবেটিক কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার” (ডাকবাংলা পাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ)-এর ভিজিটিং স্লিপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের মাঝে সরবরাহ করেন। পাশাপাশি রোগীদের ওই নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারেই বিভিন্ন পরীক্ষা করাতে চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে।এছাড়া অভিযোগে আরও বলা হয়, কোনো রোগী যদি অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে আসেন, সে ক্ষেত্রে অনেক সময় সংশ্লিষ্ট চিকিৎসক রোগী দেখতে অনীহা প্রকাশ করেন অথবা চিকিৎসা দিতে গড়িমসি করেন। এতে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন একাধিক রোগী ও স্বজন।অভিযোগকারীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরির নৈতিকতা, দায়িত্ব ও আচরণবিধির পরিপন্থী। এর ফলে সাধারণ রোগীরা একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে মানসিক চাপ ও হয়রানির মুখেও পড়ছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।