ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট চাইলেন আবুল কালাম আজাদ

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। শনিবার (৩১ জানুয়ারি) বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াদদিয়াড় ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রত্যাশার কথা শোনেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রচারণার সময় ভোটাররা তাদের সমস্যা, অভাব-অভিযোগ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। আবুল কালাম আজাদ বলেন, “মানুষের যে ভালোবাসা ও আস্থা পাচ্ছি, তা আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে। জনগণের আশা বাস্তবায়নে সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে চাই।”

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জনগণের সমর্থনের মাধ্যমেই সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল।

এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাগুয়াদদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা ও থানা শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ খবর