ভোলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ, ধনিয়ায় জামায়াতের নির্বাচনী সমাবেশে ব্যাপক জনসমাগম

ভোলার ধনিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, যা দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আস্থার স্পষ্ট প্রতিফলন বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।ধনিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মনির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রাহিম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আগত জনতা আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং ভোলা-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, এলডিপির জেলা সভাপতি বশির আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মাস্টার মাকসুদুর রহমান, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম বলেন, দেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ যথাযথভাবে ব্যবহার করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে দীর্ঘস্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, জেলেদের কল্যাণে জেলে কার্ডের সংখ্যা দ্বিগুণ করা হবে এবং কোনো ধরনের হয়রানি বা মধ্যস্থতাকারী ছাড়াই প্রকৃত জেলেদের হাতে সরাসরি কার্ড পৌঁছে দেওয়া হবে। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে।সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা বলেন, এই বিপুল জনসমাগম প্রমাণ করে—ধনিয়াসহ পুরো এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনগণের সমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

সর্বশেষ খবর