
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ ওবায়দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন রুইতনপুর বাজারস্থ সোনার বাংলা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিনারিজ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রুইতনপুর পূর্বপাড়া গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ শুকুর আলী (৩৫)-কে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
অন্যদিকে, এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের সংগীয় অফিসার ও ফোর্সসহ পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা থানাধীন ১১নং নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর বাজারের পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে বলিয়ারপুর (দমদমাপাড়া) গ্রামের মোঃ হাসিবুলের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৫)-কে ৩০ (ত্রিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত উভয় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।